নারীকণ্ঠে প্রতারণা

বন্দরনগরী চট্টগ্রামে মোবাইল ফোনে নারীকণ্ঠে ফোন করে অর্থ আদায়ের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর এলাকা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নেজাম উদ্দিন (২৩) ও কমর উদ্দিন (২১)। গ্রেপ্তারকৃত দুই ভাই নারীকণ্ঠে ফোন করে প্রতারণার জাল ফেলে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, পরিবারের অর্থসংকট মোকাবিলায় কলেজপড়ুয়া দুই ভাই ফোনের মাধ্যমে অর্থ আয় করার এক অভিনব কৌশল ঠিক করেন। তারা ‘ফেসবুকে চামিলী সেন, রাজসী বড়ুয়া ও ঝুমকা রানী নামে তিনটা ফেক আইডি খোলেন। সেসব আইডিতে সুন্দরী মেয়েদের ছবি আপলোড করে ফোন ও ভিডিও করার জন্য মোবাইল নম্বর দিয়ে আহ্বান জানান। 

এরপর তাদের মোবাইলে একের পর এক ফোন কল আসতে থাকে। মোবাইল ফোনের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তাদের কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তর করে দুই ভাই আগ্রহীদের সঙ্গে কথা বলে প্রতি কলের জন্য ৩০০, ৫০০ কিংবা ১০০০ টাকা পর্যন্ত আয় করতেন। এ ভাবে দুই ভাইয়ের প্রতি মাসে আয় ছিল ২০ থেকে ৩০ হাজার টাকা। 

এই প্রতারণার বিষয়টি শুক্রবার পুলিশের নজরে আসার পর পুলিশ নগরীর আরেফিননগরের একটি ভাড়া বাসা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দুজনই চট্টগ্রামের এমইএস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে এখন বেকার জীবনযাপন করছেন। পারিবারিক অর্থসংকট মেটাতে তারা টাকা রোজগারে প্রতারণার এই অভিনব পন্থাটি বেছে নিয়েছিলেন। 

গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment