দুই জনকে বাঁচিয়ে নিজে মারা গেলেন

বাড্ডার ধামাইখালে ডুবে যেতে থাকা দুই যুবককে উদ্ধার করে নিজেই ডুবে মারা গেলেন মো. সারওয়ার।


ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সোমবার বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হন সারওয়ার (২৯)।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খালের ৩ নম্বর বেরাইদ ব্রিজ এলাকায় সারওয়ার ডুবে যান। এর আশপাশের এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সারওয়ারের বাসা উত্তর বাড্ডায়।

দুপুর ১২টার দিকে খালের পাশে ফুটবল খেলছিলেন নয় যুবক। সবাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খেলার সময় ফুটবলটি খালে পড়ে যায়। বলটি আনতে খালে নামেন দুই যুবক। তারা খালের পানিতে তলিয়ে যেতে থাকে। এ দৃশ্য দেখে পাশ থেকে ছুটে আসেন সারওয়ার। তিনি খালে ঝাঁপ দেন। অনেক চেষ্টা করে ওই দুই যুবককে ডাঙায় তুলে আনেন। দুই জনকে উদ্ধারের পর ফুটবলটি আনতে আবার খালে নামেন সারওয়ার। এবার নিজেই পানিতে তলিয়ে যান।

জিন্সের প্যান্ট পরা সারওয়ার খালের ঘূর্ণায়মান পাকে পড়ায় ডুবে যান বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধারে তৎপরতা চালায়। সারওয়ার পিকআপ চালক ছিলেন। 
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment