ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মো. সিদ্দিক শেখের পুত্র মান্দার শেখের ঘরের মালামাল ভাংচুরের অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। সোমবার রাতে পুলিশ সদস্যরা এ ভাংচুরের ঘটনা ঘটায় বলে মান্দার শেখের পরিবারের অভিযোগ।
মান্দার শেখের স্ত্রী রুমা বেগম জানান, সোমবার গভীর রাতে কয়েকজন পুলিশ সদস্য বাড়ীতে এসে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুললে তারা ঘরের মধ্যে তল্লাসি চালায় এবং আমার স্বামীকে খুজতে থাকে। আমার স্বামীকে না পেয়ে তারা আমাকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে যায়। এসময় তারা ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে। তিনি বলেন, পুলিশের সদস্যদের মধ্যে শুধুমাত্র জিল্লুর দারোগাকে চিনতে পারি।
প্রতিবেশী সানোয়ার হোসেন ও আমেনা বেগম জানান, রাতে অনেক শব্দ ও শোরগোল শুনে আমরা এগিয়ে আসলে পুলিশের ধমকানির কারণে ফিরে যাই। পরে এসে ঘরের মধ্যে চেয়ার, হাড়ি পাতিল ভাঙ্গা ও দরজায় আঘাত দেখতে পাই।
এ প্রসঙ্গে সালথা থানা পুলিশের উপ পরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, গত রোরবার রাতে মুকসুদপুরে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মাইক্রোবাসসহ একজন আটক হয়। ওই ঘটনায় মুকসুদপুর থানা পুলিশ ওই বাড়ীতে অভিযানে আসে। আমি তাদের সহযোগীতা করেছি মাত্র। তিনি আসবাদপত্র ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, মান্দার ফকিরের নামে সালথা থানায় একটি দস্যুতা ও একটি চুরির মামরা রয়েছে, এমনকি একাধিকবার আমরা তাকে গ্রেফতারও করেছি। তিনি বলেন, হয়তো নিজেরাই আসবাবপত্র ভেঙ্গে পুলিশের উপর দোষ চাপাচ্ছে। #

0 comments :
Post a Comment