একটি মোটরসাইকেলে তিনজনের ওঠার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। তবে এবার এই যানে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় কর্মকর্তাদের উদ্দেশ্য করে এ কথা বলেন মন্ত্রী। সভায় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এক মোটরসাইকেলে দুইজনের বেশি উঠবে না এবং অবশ্যই হেলমেট থাকতে হবে। যে কোনো অবস্থায় এটি বাধ্যতামূলক করতে হবে, এখানে কোনো কমপ্রোমাইজ করা যাবে না। এটি আগে থেকেই নির্দেশনা রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আর একটি বিষয় অ্যাড করতে চাই, এ ছাড়া মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না। এখানে পুরো পরিবার নিয়ে মোটর সাইকেলে উঠে। এটি খুবই বিপজ্জনক। বিষয়টা ঝূঁকিপূর্ণ। বাংলাদেশে বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।
তিনি আরো বলেন, রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এসব গাড়ী যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেজন্য বিআরটিএ কর্মকর্তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত না রাখলে কোনো লাভ হবে না। মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাত্রীদের কোনো কাজেই আসবে না যদি ফুটপাত দখলমুক্ত না করা যায়।
মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১৪টি স্পটে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

0 comments :
Post a Comment