ফরিদপুর প্রতিনিধি :
জঙ্গী বিরোধী কমিটি গঠনকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথক সভা আহ্বান করে নিজেরাই মুখোমুখি অবস্থানে রয়েছে। আগামী ২২ তারিখে আহ্বান করা ওই সভাকে কেন্দ্র করে সেখানে দলীয় নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
একদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল গ্রুপ অন্যদিকে রয়েছে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার গ্রুপ।
খোঁজ নিয়ে জানা গেছে, জঙ্গী বিরোধী কমিটি গঠন ও ১৫ই আগষ্ট শোকদিবস পালনের জন্য আগামী ২২ জুলাই শুক্রবার দলীয় কার্যালয়ে একটি সভা আহবান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া। সভার নোটিশে সকল ইউনিয়নের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়।
অপরদিকে একই দিনে একই ইস্যুতে ডাকবাংলোতে উপজেলা আওয়ামী লীগের প্যাডে সভা আহবান করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল। তিনিও ইউনিয়নের সকল নেতাকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানান।
একই দিনে একই সময়ে সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক পৃথক সভা আহবানকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় গ্রুপই তাদের সভাকে সফল করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা নামপ্রকাশ না করার শর্তে জানান, পৃথক সভাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। কেননা, কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এ প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাজাহান মিরদাহ পিকুল জানান, যে কোন মূল্যে আমরা সভা করবো। তিনি বলেন, সভাপতির নিজের কোন সভার ডাকার এখতিয়ার নেই। সভাপতি যে সভাটি ডেকেছেন তা নিয়ম বহির্ভুত।
অন্যদিকে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া জানান, তিনি যে সভা ডেকেছেন তা বন্ধ করা কিংবা ভন্ডুল করার ক্ষমতা কারো নেই। নিয়মতান্ত্রিক ভাবেই তিনি সভা ডেকেছেন। যদি কেউ সভা ভন্ডুল করার চেষ্টা করে তাকে উপযুক্ত জবাব দেয়া হবে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment