ফরিদপুরে ছাত্রীকে হয়রানি, ধর্ম শিক্ষক বরখাস্ত


শেখ মনির হোসেন :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার ব্রাহ্মণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানির অভিযোগে বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আবু সাইদকে (৪২) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ওই ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিকেলে জরুরি সভা করে আবু সাইদকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, বৃহস্পতিবার স্কুলে প্রাক-নির্বাচনী পরীক্ষা চলার সময় ওই শিক্ষক আবু সাইদ শ্রেণিকক্ষের মধ্যে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ছাত্রীর প্রশ্নপত্রের ওপর শিক্ষক তার নিজের মোবাইল ফোন নম্বর লিখে দিয়ে যোগাযোগ করতে বলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান তিনি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সেলিম শেখ বলেন, শনিবার ওই শিক্ষককে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে অশোভন আচরণ করিনি এমন দাবি করে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আবু সাইদ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, প্রাক-নির্বাচনী পরীক্ষার হলে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কি না, তা-ও জানি না বলে তিনি জানান। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment