ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের তাড়া খেয়ে নিঁখোজ থাকার ১৯ঘন্টা পর ওই যুবকের মৃতদেহ পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
নিহতের নাম মো. ওহিদ শেখ (২৭)। সে বাসাগাড়ি গ্রামের আতিক শেখের পুত্র। নিহত ওহিদ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো।
নিহতের মামা জলিল মাতবর জানান, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামের ফাঁকা জায়গায় এলাকার ছয় যুবক তাস খেলছিল। খবর পেয়ে রাত ১১টার দিকে নগরকান্দা থানার উপ-পরিদর্শক মো. ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন পুলিশদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ওই যুবকরা পালানোর চেষ্টা করলে ওহিদ শেখ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পুলিশ সদস্যরা ওহিদকে ফেলে রেখে অপর পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর থেকে ওহিদ নিঁেখাজ ছিল।
তিনি জানান, মঙ্গলবার আটক পাঁচজন আদালত থেকে জামিনে বের হয়ে ওহিদের পালানোর বিষয়টি নিশ্চিত করে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ওই পুুকুরের পানিতে ওহিদের ব্যবহৃত স্যান্ডেল দেখতে পেয়ে গ্রামের লোকজন পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে ওহিদের মৃতদেহ উদ্ধার করে।
৮নং ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, ঘটনার পর এলাকার লোকজন কিছুটা উত্তেজিত হলেও ন্যায় বিচারের আশ্বাস দেয়ার পর শান্ত হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, পুলিশের হাতে আটক হওয়া থেকে রক্ষা পেতে তাস খেলারতরা পালানোর চেষ্টা করে। এসময় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওহিদ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল জানিয়ে তিনি জানান, ওহিদ পানিতে পড়েছিল কিনা তা আমার জানা ছিলনা।
এ প্রসঙ্গে নগরকান্দা থানার ইনচার্জ এ এস এম নাসিম ওহিদের মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, মৃতদেহের ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। #

0 comments :
Post a Comment