ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র সাংসদের গাড়ি বহর থেকে এক শিল্পপতির গাড়িতে হামলা চালিয়ে গাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই শিল্পপতিসহ পাঁচজন আহত হয়েছেন। এসময় হামলাকারিরা ওই শিল্পপতির লাইসেন্স করা একটি পিস্তল এবং টাকার দুটি ব্যাগসহ মোট চারটি ব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের নিকট ভ’ইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ওই শিল্পপতি, টেকনো গ্রুপের চেয়ারম্যান এবং ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামের বাসিন্দা সৈয়দ মঞ্জুরুল হক (৬৫), তার ব্যাক্তিগত সহকারী মামুন চৌধুরী (৩৫), ভাগিনা শাহরীয়ার লস্কর ওরফে আরজ (৩৯), গাড়ি চালক বাবলু মিয়া (৪৫) ও পিয়ন হানিফকে (৩৫) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিল্পপতি মঞ্জুরুল ও তাঁর ভাগিনা শাহরীয়ার লস্করকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পিএস মামুন চৌধুরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে এবং চালক ও পিয়নকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাগিনা শাহরীয়ার লস্কর বলেন, পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে অভিভাবক সমাবেশ ছিল। ওই অনুষ্ঠানে মঞ্জুরুল হক প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। আমরা দুটি গাড়ি নিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে ভ’ইয়া বাড়ি এলাকায় সাংসদের বহর দ্বারা বাঁধাপ্রাপ্ত ও হামলার শিকার হই।
তিনি বলেন, হামলায় শিল্পপতি, আমি, পিএস, চালকসহ পাঁচজন আহত হই। তিনি আরো বলেন, হামলাকারীরা শিল্পপতির লাইসেন্স করা একটি পিস্তল, টাকা ভর্তি দুটি ব্যাগসহ মোট চারটি ব্যাগ নিয়ে যায়।
সাংসদের কাছের মানুষ হিসেবে পরিচিত ও ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, শিল্পপতির উপর হামলা হয়েছে শুনেছি। তবে এ হামলার সাথে আমি বা সংসদের বহরের কেউ জড়িত নই।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, শিল্পপতির গাড়িতে হামলা হয়েছে এবং তার গাড়িটি ভাঙচুর করা হযেছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যথাযথ প্রমান সাপেক্ষে হস্তান্তর করা হবে। #

0 comments :
Post a Comment