ফরিদপুর প্রতিনিধি :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জেলার শহরতলির চেচানিয়াকান্দি (নিচুপাড়া) এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় একজন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস ওই এলাকায় পৌছালে সামনের চাকা ফেঁটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গোপালগঞ্জ সদর থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৩), ইজিবাইকের চালক আজাদ শেখ (২৫), যাত্রী জেসমিন বেগম (৩২) ও তার (জেসমিনের) মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত এক নারী এবং ভর্তির পর মোজাহিদ মোল্লা নামের আরেকজন মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের মধ্যে এএসআই দেলোয়ার হোসেনের বাড়ি ফরিদপুরের মধুখালীতে, অটোচালক আজাদ শেখের বাড়ী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মাঝিগাতি গ্রামে ও মোজাহিদ মোল্লার বাড়ী চর কোগরা এলাকায় বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহত অন্যদের বাড়ীর পরিচয় পাওয়া যায়নি। #

0 comments :
Post a Comment